কুমিল্লা নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক ১০ দফা সুপারিশমালা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু’র নিকট তুলে ধরেন “নাগরিক অধিকার ফোরাম” কুমিল্লা। সোমবার (৩০ মার্চ) সকালে প্রশাসকের মিলনায়তনে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি ডাঃ প্রফেসর আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরান এর নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ স্মারকলিপি হস্তান্তর করেন।
সভায় নগরের দীর্ঘদিনের সমস্যাসহ নাগরিক ভোগান্তি এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সভায় বলেন, শহরকে সুন্দর রাখতে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি ক্লিনিক, বাড়ি ও মার্কেটের পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং নগরবাসীর সহযোগিতার ওপর জোর দেন।
প্রশাসক আরও জানান, স্মারকলিপির অধিকাংশ প্রস্তাবনা সিটি করপোরেশনের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফুটপাত দখলমুক্ত রাখা, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা, ধাপে ধাপে যানজট নিরসন এবং সিটি পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় কুমিল্লা একটি সুন্দর ও বাসযোগ্য নগরী হবে।
নাগরিক অধিকার ফোরামের সভাপতি ডা. প্রফেসর মো. আব্দুল লতিফ স্মারকলিপিতে নগরের অপরিচ্ছন্ন পরিবেশ, ফুটপাত সমস্যা, যানজট, জলাবদ্ধতা, মশাবাহিত রোগ, শব্দ ও বায়ুদূষণ এবং নাগরিক সেবার আধুনিকায়নের বিষয়ে প্রস্তাব তুলে ধরেন। এছাড়া কুমিল্লায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক ও খোলাস্থান বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে নিয়মিত মতবিনিময় সভা এবং সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, উপদেষ্টা কমিটির সদস্য জামিল আহাম্মদ খন্দকার, অধ্যক্ষ সফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক রাহুল তারণ পিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, অর্থ সম্পাদক অধ্যক্ষ নার্গিস আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ (লাভলু) সহ নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।