কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেছেন, কৃষক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংসদ জসিম উদ্দিন জসিম বলেন, কৃষকদের উৎপাদন ব্যাহত হয়—এমন সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। আধুনিক প্রযুক্তি ও কৃষি উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের খরচও কমানো সম্ভব।
তিনি বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও কৃষির পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কৃষক ও কৃষি বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা ও চাহিদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ-১) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এ সময় শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলমসহ স্থানীয় কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন:- কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন জসিম।

  • ব্রাহ্মণপাড়া