কুমিল্লা-৫ এ নিরাপত্তা বলয়, সেনাসহ যৌথবাহিনীর শক্ত অবস্থান

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে সেনাবাহিনীসহ যৌথবাহিনীর শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সংবেদনশীল ও দুর্গম এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রেজওয়ান বলেন, ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ২৪ ঘণ্টা মাঠে থাকবে এবং নির্বাচনী এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কেউ কেন্দ্র দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন বলেন, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসক বুড়িচং উপজেলায় তিনজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। তারা সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণপাড়া উপজেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসক ব্রাহ্মণপাড়া উপজেলায় তিনজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্দেহজনক যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রার্থী ও তাদের সমর্থকদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে প্রশাসন। ভোটের দিন সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া