কুমিল্লা-৫ ( ব্রাহ্মণপাড়া-বুড়িচং ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জসিম উদ্দিন। আজ বুধবার ( ২৪ ডিসেম্বর ) বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নের চিঠি ( টিকিট ) হস্তান্তর করা হয়।
জসিম উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখায় এলাকায় তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান দলীয় নেতারা।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবরে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা ‘শুকরিয়া’ ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করছেন।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন ঘোষণার পর থেকে মাঠপর্যায়ে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, জসিম উদ্দিনের নেতৃত্বে কুমিল্লা-৫ আসনে দল আরও সুসংগঠিত হয়ে নির্বাচনী লড়াইয়ে ইতিবাচক ফল অর্জন করবে।