কবরবাসীদের মাগফিরাত কামনায় ব্রাহ্মণপাড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কবরবাসীদের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজের পর ৭নং ওয়ার্ডের মেম্বার নূর নবী খাঁনের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
আয়োজক নূর নবী খাঁন জানান, ২০১৬ সালের নির্বাচন থেকে তিনি প্রতি বছর কোরআন খতমের মাধ্যমে ওয়ার্ডের কবরবাসীদের জন্য দোয়ার আয়োজন করে আসছেন। প্রায় এক দশক ধরে এ ধারাবাহিকতা বজায় রয়েছে।
তিনি আরো বলেন, জীবিত থাকা পর্যন্ত প্রতি রমজান মাসে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রাখেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় কবরবাসীদের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাহেবাবাদ ডিগ্রি কলেজ জামে মসজিদের খতিব কামরুল হাছান ভূঁইয়া।
অনুষ্ঠানে সাহেবাবাদ বরুয়াপাড়া জামে মসজিদের খতিব আব্দুল কাদের খান, সাহেবাবাদ দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব সোলাইমান হোসাইন, আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া