কুমিল্লা নগরীর রেইসকোর্সে চেম্বারের পাশে হামলার শিকার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জহিরুল হক মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৩ অক্টোবর) ভোটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জহিরুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। এর আগে শনিবার (২১ অক্টোবর) তার বসবাসরত টাওয়ারের পরিচালনা কমিটি নিয়ে দ্ব›েদ্বর জের ধরে ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। আহত অবস্থায় প্রথমে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ডা. জহিরুল হক কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি নগরীর রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের ২য় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তার চেম্বার। স্থানীয় সূত্র জানায়, শনিবার রেইসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ডা. জহির ও তার স্ত্রীকে হিমির উপর একই বিল্ডিংয়ের বাসিন্দা সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া পাপ্পু এবং তার স্ত্রী-সন্তানরা মিলে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে মারাত্মক আহত হন ডা. জহির। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় শনিবার রাতেই ডা. জহিরুল হকের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় হামলাকারী সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া পাপ্পু, তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদকে আসামী করা হয়। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সাঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় আটক পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে দোষীদের বিচার দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস, সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান জসীম, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.মোরশেদ আলম, বিএমপিএ’র সভাপতি ডা. একেএম আবদুস সেলিম ও সাধারণ সম্পাদক ডা. তৌফিকুন্নবী খান লিটন।