কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর নিখোঁজের ৬ ঘন্টা পর বাড়ির পাশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহিনুর আক্তার (১০)। সে ওই এলাকার সিএনজি চালক মোঃ হানিফ মিয়ার মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোঃ হানিফ মিয়ার মেয়ে স্থানীয় নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী শাহিনুর আক্তার প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়িতে ছিল। রবিবার বাদ এশার নামাজের পর কোন এক সময় পরিবারের লোকজন হঠাৎ শাহিনুর আক্তারকে ঘরে দেখতে না পেয়ে এলাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাচ্ছিল না। এমনকি বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়েছে। পরে সোমবার রাত ১টায় ননী দত্তের বাড়ীর বাঁশঝাড়ের নিচ থেকে শাহিনুর আক্তারের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। সকালে থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ও এসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনার রহস্য জানা যাবে।