কুমিল্লা দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া গ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের মামলায় একই গ্রামের জুলহাস মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সকালে চান্দিনা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুলহাস মোল্লা কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাধারদিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূঁইয়া।
এ ঘটনার মামলার এজাহারে জানা যায়, রোববার (২ জুলাই) সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার জন্য শিশুটি নানির বাড়িতে যান। নাস্তা খেয়ে আসার পথে জুলহাস মোল্লা ওই শিশুকে টাকা দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে যায়। ভুক্তভোগীকে ঘরে নিয়ে ধর্ষণ করে। এমন সময় ভুক্তভোগী তীব্র ব্যথার যন্ত্রণায় চিৎকার করলে জুলহাস মোল্লা তার মুখ চেপে ধরে। ভুক্তভোগীর খালা তাকে খুঁজতে খুঁজতে জুলহাস মোল্লার বাড়ির সামনে গেলে জুলহাস মোল্লার ঘরের দরজার সামনে ওই শিশুর জুতা দেখতে পায়। তখন শিশুটির খালা জুলহাস মোল্লার ঘরে ঢুকলে জুলহাস তাকে দেখে লুঙ্গি পরতে পরতে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ওই শিশুর খালা প্রচুর রক্তপাত হচ্ছে দেখে শিশুর মাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে প্রাথমিক চিকিৎসার দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় মঙ্গলবার (০৪ জুলাই) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জুলহাস মোল্লার নামে মামলা দায়ের করেন।
এ বিষয়ে কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার পরই আমরা আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করি। মঙ্গলবার সকালে জুলহাস মোল্লাকে তার মেয়ের বাড়ি চান্দিনা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।