কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি তিনজন এবং এজাহারনামীয় পলাতক আসামি একজন।
বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার কল্পবাস এলাকার মসজিদসংলগ্ন বাড়ি থেকে মোঃ সালাউদ্দিন (২৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।
অপরদিকে, এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালনগর (দারোগা বাড়ি) এলাকা থেকে মোঃ ফারুক ভূঁইয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। তিনি চুরির অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।
এছাড়া এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পৃথক অভিযানে শশীদল উত্তরপাড়া এলাকার কাজিম উদ্দিন সর্দার বাড়ি থেকে মোঃ রিহান (২২) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশেষ ক্ষমতা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।
একই দিনে অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোহেল মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার চার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।