বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত আরাফাত রহমান মোকাম গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, রোববার বেলা ১১টার দিকে শিশু আরাফাত তার মা হাওয়া বেগমের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় আরাফাতকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা দ্রুত শিশুটিকে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়। পরে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফাত রহমানকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১৮ মাস বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোক ও বিষাদের সৃষ্টি হয়েছে।

  • বুড়িচং