ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৯

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগা সংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে পলাশের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রামচন্দ্রপুর বাল্লাক এলাকার মো. রুবেল মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর এএসআই মো. সাইফুল আলম ও এএসআই মো. ইমরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দক্ষিণ শশীদল এলাকার মো. ইউসুফ ওরফে বুদ্দু (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একই সঙ্গে দুটি জিআর সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে আরেক অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি মো. আরিফুল ইসলাম ওরফে তানভীর (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি শিদলাই ইউনিয়নের শিদলাই আলম বাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশের পৃথক আরেক অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগাইশ এলাকার নান্টু চন্দ্র দাশ (৫০), মো. মোস্তফা (৪০), মো. ইমন (৩০), মো. জুয়েল (৩৮), মো. বেলাল হোসেন (৩২) এবং চান্দলা গজারিয়া এলাকার মো. সিয়াম (১৯)।

  • ব্রাহ্মণপাড়া