ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৭ জন গ্রেফতার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৪৬ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক মামলায় ৭ বোতল বিয়ার, চোরাচালান মামলায় ৪৯০ পিস তৈল ও ৪০ প্যাকেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালান মামলায় একজন, একই ব্যক্তির নামে থাকা দুটি জিআর পরোয়ানাভুক্ত মামলায় একজন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে পাঁচজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী সড়ক সংলগ্ন ইতালি কাশেমের বাড়ির পুকুরের দক্ষিণ-পূর্ব পাড়ের ঘাসের ভেতর পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাতনামা আসামির ফেলে যাওয়া ৭ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টা ৩৫ মিনিটে এসআই রূপম কুমার সরকার অভিযান চালিয়ে শশীদল থেকে ব্রাহ্মণপাড়াগামী পাকা সড়কের পাশে রেললাইনের প্রায় ২০০ গজ পশ্চিমে জাকির মিয়ার বাড়ির সামনে থেকে মোঃ মাসুদ রানা (৩০)-কে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ৪৯০ পিস তৈল ও ৪০ প্যাকেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩ আগস্ট ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই মোঃ রফিকুল ইসলাম ও এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জিয়াউর রহমান ওরফে বাবা জিয়া (৪২), মোঃ মাঈন উদ্দিন (৩৩), হাবিব হোসেন (১৯), হাবিবুর রহমান (৩৫), মোঃ সালা উদ্দিন (৩৫) ও সুজন সূত্রধর (৩৩) নামে ছয়জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছয়জনের মধ্যে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন—মোঃ মাঈন উদ্দিন, হাবিব হোসেন, হাবিবুর রহমান, মোঃ সালা উদ্দিন ও সুজন সূত্রধর।

তবে মোঃ জিয়াউর রহমান ওরফে বাবা জিয়ার নামে দুটি জিআর পরোয়ানা থাকায় তাকে সামারি ট্রায়ালে দেওয়া হয়নি।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া