কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা (বাসেড) কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বিনামূল্যের কোচিং কার্যক্রম ‘অন্বেষণ’-এর অরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ব্রাহ্মণপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএডির সভাপতি আরাফাত হাসান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ‘অন্বেষণ’ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সংগঠনের উপদেষ্টা সদস্য মামুনুর রশীদ চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন বিএসএডির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, বিএসএডির সাবেক সভাপতি মো. জাকির খান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, বিএসএডির সাবেক সদস্যসচিব রেজাউল আমিন শান্ত, বিএসএডির সাবেক সহ-সম্পাদক মো. পলাশ হাসান, ছাত্রনেতা আহমেদ অনিক, ছাত্রনেতা রহমত উল্লাহ, ছাত্রনেতা মো. শাকিল, বিএসএ সভাপতি আলিফ ভূঁইয়া, বিএসএডির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেইন, বিএসএডির সাবেক সহ-সম্পাদক শুভ চক্রবর্তী, সাবেক সহ-সম্পাদক উজ্জ্বল মাহমুদ, সাবিউল মাসানি ও সুফিয়ান হেলালিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে ‘অন্বেষণ’ একটি প্রশংসনীয় উদ্যোগ। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই বিএসএডি প্রতিবছর বিনামূল্যে এ কোচিং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।