ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজা ও সিএনজি জব্দ, গ্রেপ্তার-১

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুই মামলার তিন আসামি পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার এলাকার হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগরা-কুমিল্লাগামী সড়কে অভিযান চালান।
এ সময় ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ মো. রাসেল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজীবাড়ি) এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ব্রাহ্মণপাড়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় জাকির মাস্টারের বাড়িতে অভিযান চালান।
সেখানে পলাতক আসামি অলিদ হাসান ওরফে অপুর রান্নাঘর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অলিদ হাসান ওরফে অপু (২৭) এবং সবুজ মিয়া (২৮) পলাতক রয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া