কুমিল্লার বুড়িচংয়ের কংশনগর বাজার এলাকায় সড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ব্রাহ্মণপাড়ার মো. রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কংশনগর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার তৃতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কংশনগর পূর্ব বাজার এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় সড়কের গর্তগুলো বোঝা যাচ্ছিল না। ওই সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি পানিতে ঢেকে থাকা একটি বড় গর্তে পড়ে উল্টে যায়। এতে রমজান অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়রা সড়কের বেহাল অবস্থা ও গর্ত দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ একই দিন বাদ এশা উত্তর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।