ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও ফলের চারা বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ঘন্টা আগে

Spread the love

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, ঋণের চেক বিতরণ এবং ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল রহমান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিআরডিবির মাঠ সংগঠক মোস্তফা কামালের সঞ্চালনায় সমবায় সমিতির সদস্যদের পক্ষে বক্তব্য দেন সালমা আক্তার, মো. ফারুক আহাম্মদ ও শাহনাজ বেগম।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিআরডিবির পরিদর্শক, মাঠ সংগঠক, সফল সমবায়ী উদ্যোক্তা ও সফল ম্যানেজারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজারদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয় এবং সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া