কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টেশনসংলগ্ন ‘আল্লাহর ৯৯ নাম’ ফলক এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ ছাড়া দিনব্যাপী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক জমির হোসেন, হাজী আলাউদ্দিন ও কামরুল হাসান আহসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার, গাজী সাইদুল ইসলাম এমরান, মনির হোসেন, এমদাদুল হক সবুজ, যুবদল নেতা ওমর ফারুক পল্টু, রমিজ উদ্দিন মেম্বার এবং স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান ভূঁইয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘তারেক রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছি। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে। দীর্ঘ সময়ের অপকর্মের কারণে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।