কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে মায়ের খোঁজে দিশেহারা হয়ে পড়েছে দুই বছরের শিশু আবদুল্লাহ। ছোট দুই সন্তানকে রেখে গত ১ জুন থেকে নিখোঁজ রয়েছেন সারমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ।
নিখোঁজ সারমিন আক্তার পূর্ব চন্ডিপুর এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র মো. শরিফুল ইসলামের স্ত্রী। পরিবারের দাবি, গত ১ জুন সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
স্বামী মো. শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি কাজে যান। বিকেলে বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই। পরে মেয়ে ফারিহা আক্তারের (৮) কাছে জানতে চাইলে সে জানায়, সকালে তার মা ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
তিনি আরও জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর শ্বশুরবাড়িসহ আত্মীয়-স্বজনের কাছে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় ঘরে রাখা গরু বিক্রির ১ লাখ ৬৮ হাজার টাকা, কিস্তি থেকে উত্তোলন করা ৯০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৪ লাখ টাকার মালামালও পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
এদিকে মাকে হারিয়ে দুই বছরের আবদুল্লাহ ও আট বছরের ফারিহা আক্তার মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শিশুদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তারা বারবার মায়ের খোঁজ করছে।
সারমিন আক্তারের ভাই মো. মোবারক হোসেন বলেন, আমার বোন জামাই অনেক ভাল মানুষ। ছোট বাচ্চা গুলো ফেলে সে কোথায় গেল আমরা খুজে পাচ্ছি না। আমরা চাই তাকে খোজে এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
নিখোঁজের ঘটনায় গত ৩ জুন ব্রাহ্মণপাড়া থানায় স্ত্রীর সন্ধান চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মো. শরিফুল ইসলাম।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই মাহতাব হোসেন বলেন, নিখোজ সারমিন আকতার সম্পর্কে বাড়ির মানুষ তেমন কোন তথ্য দিতে পারছেনা৷ তাকে উদ্ধার করতে পুলিশ কাজ করে যাচ্ছে৷