কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) দিনব্যাপী মুরাদনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

অভিযানে মুরাদনগরের ‘মেসার্স বাদল ফুড এন্ড বেভারেজ’কে অবৈধভাবে অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

 

এছাড়া শ্রীকাইল রোডের ‘মেসার্স বি বাড়িয়া বেকারি’কে অবৈধভাবে ব্রেড ও বিস্কিট উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটি উৎপাদিত প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কিট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান, প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

  • কুমিল্লা