ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজা উদ্ধার, অনলাইন জুয়ারিসহ ৪ জন গ্রেপ্তার

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১৬ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। একই রাতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এক তরুণকে আটকসহ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পাঠানো এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস রিলিজে জানানো হয়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. ফারুকুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাগর (২০) নামের এক তরুণকে অনলাইনে জুয়া খেলার সময় আটক করেন।
পুলিশের পৃথক আরও তিনটি অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি ও দুই পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

  • ব্রাহ্মণপাড়া