আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাঃ রেজা হাসান এই ঘোষণা দেন। এ সময় ড. এডভোকেট মোবারক হোসাইনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ড. এডভোকেট মোবারক হোসাইন বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। তিনি পেশীশক্তি প্রয়োগের পরিবর্তে গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় সকলকে আইনের প্রতি শ্রদ্বাশীল হওয়ার আহ্বান জানান। সব দল ও প্রার্থীর জন্য সর্বস্তরে সমান সুযোগ-সুবিধা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।