কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (৮ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি-পিস ও সাল চাদর জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।