ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাঁধা দেওয়ায় এক ব্যাক্তির ১০ দিনের কারাদণ্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ঝাড়ু মিয়া নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
দণ্ড পাওয়া ঝাড়ু মিয়া (৬০) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজারসংলগ্ন পুরাতন পুকুরপাড় বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ঝাড়ু মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে সামাজিক শান্তি বিনষ্ট করে আসছিল। মঙ্গলবার বিকেলে ঝাড়ু মিয়ার ছেলে ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেয়। তবে প্রশাসন পৌঁছালে ঝাড়ু মিয়া কৌশলে তার ছেলেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং প্রশাসনের কাজে বাধা প্রয়োগ করেন।
এসময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ঝাড়ু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ঝাড়ু মিয়া নামে এক ব্যক্তিকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া