ব্রাহ্মণপাড়ার বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা চর্চা, অভিভাবক ও শিক্ষকের পারস্পরিক সহযোগিতা এবং মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এনামুল হক। সূচনা বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ছাদেক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মো. ফারুক আহাম্মদ, দাতা সদস্য আবদুছ ছালাম ভূইয়া, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, অভিভাবক সদস্য মানিক মিয়া, রফিজ উদ্দিন, জসিম উদ্দিন, আবু কাউছার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রহিমা আক্তার, সাধারণ শিক্ষক সদস্য মো. হারুনুর রশিদ, মো. জয়নাল আবেদীন জমাদার, মো. আবিদ হোসাইন, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আয়েশা খাতুনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, বর্তমান যুগে শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তি-সচেতন করে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকা জরুরি। সন্তানদের শিক্ষার মানোন্নয়নে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের চারিত্রিক গঠন, আচরণ এবং দৈনন্দিন কার্যকলাপের দিকেও নজর রাখবেন। তবেই শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি। এ মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং সামাজিক কাজে অংশ নিলে তারা দেশপ্রেমিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে তৈরি হবে। শিক্ষক-অভিভাবকরা যদি একসাথে কাজ করেন তবে এই প্রতিষ্ঠান এলাকায় মানসম্মত শিক্ষার অন্যতম কেন্দ্র হয়ে উঠতে পারবে।
সমাবেশে বক্তারা মাদ্রাসার উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • ব্রাহ্মণপাড়া