কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সোমবার (১৯ মে) রাতে উপজেলার বিভিন্ন অলি-গলিতে তিনি তদারকি চালান। এ সময় মাধবপুর ইউনিয়নের বাড়ানি ব্রীজ সংলগ্ন কুমিল্লা-মিরপুর সড়কের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনে কিশোর ও বিভিন্ন বয়সী কিছু লোকজনকে আড্ডারত অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কিছু কিশোর ধূমপান করছিল এবং কয়েকজন মিলে ক্যারাম খেলছিল।
গোপন সূত্রে জানা যায়, ওই স্থানে মাঝে মাঝে জুয়ার আসরও বসে। এ অবস্থায় ইউএনও মাহমুদা জাহান দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উপস্থিত সবাইকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের আড্ডা ও কার্যকলাপ না করার নির্দেশ দেন। সেই সঙ্গে ক্যারাম বোর্ডটি জব্দ করা হয়।
ইউএনও মাহমুদা জাহান বলেন, “কিশোর গ্যাং বর্তমান সময়ের এক আতঙ্কের নাম। অনেক অপরাধ কর্মকাণ্ডে কিশোররা জড়িয়ে পড়ছে। তাই এ ধরনের আড্ডা, ধূমপান ও জুয়ার মতো কার্যকলাপ কঠোরভাবে নজরদারির আওতায় আনা হচ্ছে।”
তিনি আরও জানান, কিশোর অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এই তদারকি অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা ও আইনানুগ পদক্ষেপ একসঙ্গে চলবে বলেও জানান তিনি।
এ ধরনের উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং স্থানীয়ভাবে কিশোর অপরাধ প্রতিরোধে আরও তৎপর হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।