ঋণের চাপে ব্রাহ্মণপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের চাপে অতিষ্ঠ হয়ে কোহিনূর বেগম (৩৮) নামের এক গৃহবধূ জমিতে দেওয়ার কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল নয়টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত গৃহবধূ উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি বাঁশতলী পুকুর পাড় এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতের স্বামী নজরুল ইসলাম স্থানীয় একজন ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলেছিলেন তার স্ত্রী কোহিনূর বেগম। পরে এনজিওগুলোর কিস্তির টাকা দিতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছিল। এনজিও থেকে ঋণ কোহিনূর আক্তার তুলেছেন বলে এনজিওর কর্মীরা তাকেই ঋণের টাকার জন্য চাপ প্রয়োগ করতো। একপর্যায়ে ঋণের চাপ সইতে না পেরে গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জমিতে দেওয়ার কীটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল নয়টার দিকে সে মারা যায়। নিহতের ছেলে রিয়াজ হোসেন বলেন, আমার বাবার ব্যবসার প্রয়োজনে আমার মাকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলিয়েছিল। এসব ঋণের কিস্তি ঠিকঠাক মতো পরিশোধ করতেন না আমার বাবা। কিস্তি ওয়লাদের কিস্তির চাপ সহ্য করতে না পেরে বিষপান করে আমার মা আত্মহত্যা করেছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, কীটনাশক পানে মারা যাওয়া গৃহবধূর মরদেহ নিহতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হবে। এ ব্যপারে নিহতের মেয়ে রিপা আক্তার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

  • ব্রাহ্মণপাড়া