কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামে পরিতত্ত্ব বাড়ির পাশে জমিতে আটকে থাকা পানিতে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি নবভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে আটকে থাকা পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তার পরিচয় নিশ্চিত হয়। নিহত আলামিন (৩৫) উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অহিদ মেম্বারের ছেলে।নিহতের বাবা অহিদ মেম্বার অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।