ব্রাহ্মণপাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৪১ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে হালিমা আক্তার ( ২৮ ) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার ( ৩০ আগস্ট ) উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা আক্তার উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের ছিদ্দিকুর রহমানের মেয়ে। তিনি উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের গাবুদ্দির বাড়ির স্বপন মিয়ার স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে হালিমা কীটনাশক পান করেন। পরে সকাল সাড়ে দশটার দিকে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্বজনরা জানান, অ্যাম্বুলেন্সে করে কুমিল্লায় নেওয়ার পথে নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছালে হালিমার মৃত্যু হয়। পরে তার মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • ব্রাহ্মণপাড়া