কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় ব্রাহ্মণপাড়া ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ব্রাহ্মণপাড়া ওয়ালটন প্লাজা শাখা।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা দেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আব্দুল মাজেদ। তাঁর তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্রাহ্মণপাড়া ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা কয়েকজন বলেন, ঘরের কাছেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ব্রাহ্মণপাড়ার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।