কুমিল্লায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু 

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে বিদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালের দিকে দারোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিদ্যুতিক খুঁটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা| ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় নিহত ওই যুবক।

সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।

পরে লক্ষীপুর গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • মুরাদনগর