ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৭

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে দুই যুবককে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মো. মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও মো. সাকিব (২৩)। সিয়াম ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা এবং সাকিব একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা। তাঁরা শশীদল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, থানার এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো. মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অপরাধে মো. রিয়াদ (১৯), মো. সাদ্দাম (২৮), মো. বখতিয়ার (২০), মো. কাউছার (৩৫) ও মো. আনিছ (২৮) নামের পাঁচজনকে আটক করা হয়।
পরে তাঁদের মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে তাঁদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা প্রদানের কথা জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া